ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নানা বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।
মরিয়মের নানি রুপালী বেগম জানান, মায়ের সঙ্গে মরিয়ম নানা বাড়িতে কয়েকদিন আগে আসে। মরিয়ম ও তার মা এক বিছানায় ঘুমিয়েছিল। ভোরে সে তার মাকে বলে, মা তুমি কি আমাকে কামড়াইছো। তখন সে মুখ থেকে লালা ফেলতে থাকে। অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার তাকে চিকিৎসা দেয়। কিন্তু সে মারা যায়।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহিদ বলেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয় একেবারে শেষ মুহূর্তে। তার শরীরে কালাচ সাপের দুটি কামড়ের দাগ স্পষ্ট। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।