বল সেন্টারে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্বাগতিক অগসবুর্গের খেলোয়াড় কিক অফের জন্য প্রস্তুত। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই লাইভ ব্রডকাস্টিংয়ে তাদের এক খেলোয়াড়ের পা থেকে বলে লাথি মারতে দেখা গেল। তারপর যখন পরের দৃশ্য এলো, তখনই বিস্ময়ে চোখ ছানাবড়া হওয়ার যোগাড়।
ম্যানুয়েল ন্যয়ার বক্স ছেড়ে বল নিয়ে বাইরে এসেছেন। লুইস দিয়াজের সাদামাটা ব্যাকপাসে তিনি বল ক্লিয়ার করতে চাইলেন। কিন্তু সামনে এগিয়ে আসা অগসবুর্গ ফরোয়ার্ড রবিন ফেলহলারের পিঠে লেগে ন্যয়ারকে পেছনে ফেলে বল। ৪০ বছর বয়সী গোলকিপারের মারাত্মক ভুলে সামনে বল পেয়ে যান ফেলহলার। তারপর ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে খালি জালে বল ঠেলে দিলেন তিনি।
তাতে ইতিহাস তৈরি হলো। ম্যাচ ঘড়ির কাঁটায় তখন সময় মাত্র ৫ সেকেন্ড। ইউরোপের পাঁচটি মেজর লিগের মধ্যে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল সিরি আ-তে। সাসসুওলোর বিপক্ষে ২০২০-২১ মৌসুমে ইন্টার মিলানের উইঙ্গার লিয়াও রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর পর ৬.৭৬ সেকেন্ডে গোল করেন।