জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় স্থাপিত বাংলাদেশে মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা বলেন, বিগত ২৭ বছর মানবসেবার ছোট চারাগাছ থেকে আজ এই প্রতিষ্ঠান মহিরুহে পরিণত হওয়ার পথে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে ফাউন্ডেশনের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তিনি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার (১৮ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। দিবসটি ঘিরে বিশেষ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।