রংপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও উত্তরাঞ্চলের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে উত্তরবঙ্গ সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিশেষ সামরিক বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তাকে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সফরে গিয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষকদের অনুরোধে সেলফি তুলে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি। সেই সঙ্গে শিক্ষার গুণগত মান বাড়াতে এবং কলেজের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ আশ্বাস শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
পরে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। কামারপুকুর, চিকলীসহ ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশে জাতীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা রাস্তার দু’পাশে দীর্ঘ লাইন ধরে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অপেক্ষা করেন। প্রধানমন্ত্রীও গাড়ির গতি কমিয়ে হাত নেড়ে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন।