Thursday 19th of November 2026
|
|
|
Headlines : * ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন   * গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল   * ইরানের কাছে এখনও অন্তত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র আছে   * ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক   * খাগড়াছড়িতে পর্যটকবাহী দুই পিকআপে আগুন   * ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে: ট্রাম্প   * PM urges all democratic forces to unite against “fascist” resurgence   * কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত   * CEC seeks end to NID service harassment  

   বাংলা সংবাদ
হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা
  Date : 19-11-2026

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকার কোথাও লকডাউনের ছিটেফোঁটা প্রভাব পড়েনি। গাবতলী ও সায়েদাবাদ থেকে যথারীতি ছেড়ে গেছে দূরপাল্লার বাস। আবার বিভিন্ন জেলা থেকেও ঢাকায় এসেছে বিভিন্ন রুটের দূরপাল্লার পরিবহন। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বরিশাল, ঢাকা-সিলেটসহ দেশের মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু, যমুনা সেতু সচল ও নিরাপদ থাকায় অনায়াসেই পরিবহন চলছে।


ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আধা সামরিক বাহিনীর সদস্যরা ছিল খুবই সতর্ক। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বুধবার রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল সরকারদলীয় রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুধু রাজধানীতেই নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপি কর্মীরাও সক্রিয় ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঢাকার অভ্যন্তরীণ সড়কে কোনো ধরনের অচলাবস্থা দেখা যায়নি। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বুধবার রাতে মিরপুর, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থান ও বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণকালে একজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। ঢাকায় জনজীবন ব্যাহত না হলেও ঢাকার বাইরে বেশ কয়েকটি স্থানে নাশকতা চালিয়েছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করলেও পরিস্থিতি ছিল স্বাভাবিক।

শ্যামলী পরিবহনের সায়েদাবাদ কাউন্টারের ম্যানেজার কবির হোসেন খান সকাল ৯টায় ইনকিলাবকে বলেন, বুধবার রাতে তাদের গাড়ি দেশের বিভিন্ন জেলা ও কলকাতার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। আবার বিভিন্ন জেলা থেকেও নিরাপদে ঢাকায় এসেছে। কোথাও কোনো বাধার মুখে পড়েনি। আজ ভোর ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা প্রথম ট্রিপ সকাল সাড়ে ৮টার পরেই সায়েদাবাদে এসে পৌঁছেছে। তবে ৭টার পরে ছেড়ে আসা গাড়ি ভাঙ্গার ছাগলছিড়া নামক স্থানে যানজটে আটকে আছে। ভাঙ্গা সড়কের কিছু কিছু স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা করার চেষ্টা করছে নাশকতাকারীরা। তাই বিকল্প বা বাইপাস সড়ক দিয়ে কিছু গাড়ি নির্ধারিত গন্তব্যে যাতায়াত করছে। এদিকে উত্তরাঞ্চলের সব রুটের গাড়ি গাবতলী থেকে বুধবার রাতে যথাসময়ে ছেড়ে গেছে। আবার যথাসময়ে ফিরে এসেছে। আজ ভোর থেকেও নিয়মিত বিরতিতে কিংবা নির্ধারিত সময়েই গাড়ি ছেড়ে যাচ্ছে। গাবতলীর একটি পরিবহনের ম্যানেজার জানান, উত্তরাঞ্চলের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। লকডাউনকে কেন্দ্র করে এর আগেও গাজীপুরের চান্দুরা নামক স্থানে দুটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার রাতে নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। একই রাতে গৌরনদীতে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আওয়ামী দুর্বৃত্তরা। বরগুনার আমতলীতেও গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বুধবার রাত সাড়ে ৯টায় ফরিদপুর থেকে ঢাকায় আসছিলেন শাহাদাৎ হোসেন নামে এক যাত্রী। তিনি বলেন, ভাঙ্গায় এসে তার গাড়ি আটকে যায়। সেখানে গাছের গুঁড়ি ফেলে ব্লকেড করে আওয়ামী লীগপন্থীরা। বিএনপি কর্মীরা এসে রাস্তার প্রতিবন্ধকতা দূর করলে ঘণ্টাখানেক পরে বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তিনি বলেন, যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। তবে নিরাপদেই পদ্মা সেতু হয়ে তিনি ঢাকায় পৌঁছেন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পরিবহন সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, শ্রমিকদের দোহাই দিয়ে একটি পরিবহন গাড়ি বন্ধ রাখার পাঁয়তারা করছে। তার মতে, ওই পরিবহনের মালিক আওয়ামী সমর্থিত। যেসব গাড়িগুলো গোপালগঞ্জ ও এর পাশের সড়ক দিয়ে চলাচল করে সেসব গাড়ি ফরিদপুর এলাকায় যানজটে আটকে পড়েছে। অনেক স্থানে রাস্তায় গাছের টুকরো ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তবে বিকল্প পথে অনেক পরিবহন ঢাকায় ফিরছে। এছাড়া সিলেট, কুমিল্লা, নওগাঁসহ বিভিন্ন মহাসড়কে ব্লকেড দিয়েছিল আওয়ামী লীগের দোসররা। তবে মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও আজ সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কগুলোতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পলাতক দুর্বৃত্তরা রাতের আঁধারে যত নাশকতার চেষ্টা করেছে।


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য নাশকতার পরিকল্পনা মাথায় রেখে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারি ও কঠোরতার সঙ্গে কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, গাড়ি ভাঙচুর বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে। মাঠপর্যায়ের প্রতিটি পুলিশ সদস্যকে অরাজকতা সৃষ্টিকারীদের যেকোনো মূল্যে দমন করার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, নাগরিকদের জানমাল রক্ষায় পুলিশ, এসআরবি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা ছদ্মবেশে বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি অব্যাহত রেখেছেন।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, যারা অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত দলের কোনো ধরনের লকডাউন বা বিশৃঙ্খলার পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না।

এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদ বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের জীবন-সম্পত্তি সুরক্ষায় তাদের বাহিনী সর্বদা প্রস্তুত। যেকোনো উসকানি বা নাশকতা মোকাবিলায় এসআরবি সদস্যরা তৎপর রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত কোনো গোষ্ঠী বা দলের অপতৎপরতা বা অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত সফল হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ফারুক আহমেদ।

এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 20        
  
  সর্বশেষ
হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
BNP, associate bodies protest banned AL`s anarchic activities
Red crabs begin annual march to sea on Australia`s Christmas Island

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com