ময়মনসিংহের মুক্তাগাছায় খেজুর কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাইসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা আক্তার ওই গ্রামের রাজুল মিয়ার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। রাইসা রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেজুর কুড়াতে যায় রাইসা। এ সময় পুকুরপাড়ের একটি খেজুর গাছের নিচে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। একপর্যায়ে তার শরীর ওই তারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।