দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি।
নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এটিই প্রধানমন্ত্রীর প্রথম খুলনা ও মোংলা সফর। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, এ অঞ্চলের উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এরপর দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি। এ সময় প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল স্থাপনের সম্ভাবনাও গুরুত্ব পেতে পারে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নলিয়ানে চলছে প্রস্তুতি। বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিরা। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।