সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলীয় খারজ লক্ষ্য করে ৪টি ড্রোন নিক্ষেপ করেছিল ইরানের মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথি। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি-ইয়েমেন সামরিক জোট।
গতকাল (মঙ্গলবার) ঘটেছে এ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন সৌদি-ইয়েমেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চল এবং খারজ প্রদেশে সম্ভাব্য শত্রুতার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছিল; পরবর্তীতে তারা জানায় , উভয় এলাকা থেকেই বিপদ কেটে গেছে।
গত মাসে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করে নেওয়ার পর থেকে তাদের ওপর সৌদি আরবের হামলা জোরদার হয়েছে। হুথিরা বাব আল-মানদেব প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে—যা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ। হরমুজ প্রণালীর বিপরীতে আরব উপদ্বীপের অপর পাশে অবস্থিত এই পথটি উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উভয় পক্ষের মধ্যে নতুন করে শুরু হওয়া এই লড়াই ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছে। ওই যুদ্ধবিরতির ফলে সৌদি নেতৃত্বাধীন জোট (যারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে) এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যকার হামলা অনেকাংশে বন্ধ ছিল।
দু’পক্ষের সংঘাত ক্রমশ তীব্রতর হচ্ছে এবং এই তীব্রতা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লড়াইয়ে নতুন একটি ফ্রন্ট বা মোর্চা খুলে দিয়েছে।
সূত্র : এএফপি