Sunday 15th of November 2026
|
|
|
Headlines : * Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors   * Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh   * বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান   * আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী   * Janatar Dak Party Officially Launched with a Vision to Establish Good Governance and Justice   * Turkey, Qatar sign defence agreement   * উচ্ছেদের পরও ফের হকারদের দখলে গুলিস্তানের ফুটপাত-সড়ক   * PM stresses grants, not loans, to tackle climate impacts: Rizvi   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩   * বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প  

   বাংলা সংবাদ
উচ্ছেদের পরও ফের হকারদের দখলে গুলিস্তানের ফুটপাত-সড়ক
  Date : 13-11-2026

রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক হারে উচ্ছেদ অভিযান চালিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রশাসকের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ফাঁকা করা হয়েছিল ফুটপাত, সরিয়ে দেওয়া হয়েছিল ভ্রাম্যমাণ দোকানপাট। হকারদের মালামাল জব্দ, জরিমানা এমনকি গ্রেফতারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

কিন্তু অভিযানের এক সপ্তাহ না পেরোতেই ফিরে এসেছে পুরোনো চিত্র। ফুটপাতজুড়ে আবারও বসেছে দোকানপাট, সড়কের বড় অংশ দখল করে চলছে বেচাকেনা। ফলে নগরবাসীর প্রশ্ন, উচ্ছেদ অভিযান কি কেবল সাময়িক স্বস্তি দিয়েই শেষ হচ্ছে?

শুক্রবার (১৩ নভেম্বর) সরেজমিনে গুলিস্তান-পল্টন এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাত ও সড়কের পাশে আবারও বসেছে শত শত হকারের দোকান। কোথাও পুরো ফুটপাতই দখল হয়ে আছে, কোথাও পথচারীদের হাঁটার জন্য সামান্য জায়গাও অবশিষ্ট নেই। শুধু ফুটপাত নয়, সড়কের একাংশজুড়েও দোকান বসানো হয়েছে। এতে যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।

গুলিস্তান জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ ও স্টেডিয়ামসংলগ্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। এমনকি সচিবালয়ের গেটের সামনেও বসেছে ভ্রাম্যমাণ দোকান। গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত সড়কের প্রায় পুরোটাই হকারদের দখলে। কোনো কোনো দোকানের সামনে ক্রেতাদের ভিড় জমায় পথচারীদের চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে।

গত মাসের শেষ দিকে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে এসব এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, যতবার অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই নগরবাসীর স্বার্থে অভিযান চালানো হবে। আলোচনা, অনুরোধ ও সতর্ক করার পরও কেউ অবৈধভাবে বসলে মালামাল জব্দ, আইনি ব্যবস্থা এমনকি গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

তবে অভিযানের পরপরই হকারদের আবারও ফিরে আসার ঘটনায় প্রশাসকের সেই কঠোর অবস্থানের প্রতিফলন মাঠপর্যায়ে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গুলিস্তান জিরো পয়েন্টে দায়িত্ব পালন করা নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, হকারদের একবার সরিয়ে দিলে কিছুক্ষণ পরই আবার বসে যায়। এক জায়গা থেকে সরালে অন্য জায়গায় গিয়ে বসে। সব সময় তাদের নজরদারিতে রাখা সম্ভব হয় না। পুলিশের অন্যান্য কাজও রয়েছে।

হকারদের দখলের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা। ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না থাকায় অনেককে বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। অন্যদিকে সড়কের বড় অংশজুড়ে দোকান বসায় যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। এতে ব্যস্ত এই এলাকায় যানজট ও চলাচলে দুর্ভোগ বাড়ছে।

গোলাপ শাহ মাজার এলাকায় নিয়মিত চলাচলকারী রিফাত হোসেন বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। গাড়ি ঠিকমতো চলতে পারে না, যানজট লেগেই থাকে। তাদের এমনভাবে সরানো উচিত, যাতে আবার ফিরে আসতে না পারে।

একই অভিযোগ সাইফুল ইসলামের। তিনি বলেন, গুলিস্তানের মতো ব্যস্ত এলাকায় সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচলের ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই, আবার সড়ক দিয়েও গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। দোকানিরা ফুটপাতের পাশাপাশি রাস্তার প্রায় অর্ধেক দখল করে রেখেছেন।

অন্যদিকে হকারদের দাবি, জীবিকার তাগিদেই উচ্ছেদের পরও তারা আবার ফুটপাত ও সড়কে ফিরে আসেন। নাম প্রকাশ না করার শর্তে এক হকার বলেন, ‘আমাদের উঠিয়ে দেয়, আবার বসি। কারণ, আমাদের কিছু করার নেই। এখানে ব্যবসা করেই পরিবার চলে, সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে হয়। ব্যবসা করতে না দিলে আমরা চলব কীভাবে? বসার জন্য নির্দিষ্ট জায়গাও নেই।’

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ কাজ। এ জন্য নিয়মিত অভিযান চলছে। প্রশাসক নিজেও অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তবে কিছু জায়গায় ঘাটতি থাকায় পুরোপুরি উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, নির্ধারিত জায়গা ও সীমানার বাইরে হকাররা বসলে মালামাল জব্দ ও জরিমানা করা হচ্ছে। যেসব জায়গা এখনো অবৈধভাবে দখল হয়ে আছে, সেসব স্থানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।

তবে নগরবাসীর প্রত্যাশা, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা নয়, দখলমুক্ত ফুটপাত ও সড়কগুলো পুনরায় দখল হওয়া ঠেকাতে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে সিটি করপোরেশন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 84        
  
  সর্বশেষ
Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors
Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh
এবার এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com