Saturday 21st of November 2026
|
|
|
Headlines : * Dhaka 15th among most polluted cities   * White House fires cybersecurity chief after widespread outages   * Hegseth visits Ecuador, Honduras to boost anti-narco fight   * প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান   * শীতের আগমনে হাসপাতালে রোগীর চাপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা   * ইকোনমিস্টের প্রতিবেদন : দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ   * ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন   * গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল  

   বাংলা সংবাদ
আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, ঘরে ফেরার অপেক্ষা
  Date : 19-11-2026

দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন ও বাস্তুচ্যুতির অভিযোগ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গুরুত্ব পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গারা।

তাদের কাছে এই রায় শুধু একটি আন্তর্জাতিক মামলার সিদ্ধান্ত নয়, বরং নিজ দেশে সংঘটিত নৃশংসতার বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। রায়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিকল্পিত অভিযান, রোহিঙ্গাবিরোধী ঘৃণামূলক প্রচার, জন্মহার নিয়ন্ত্রণের চেষ্টা, শিশু হত্যা ও যৌন সহিংসতার মতো বিষয় উঠে আসায় নিজেদের ওপর চালানো নির্যাতনের স্বীকৃতি দেখছেন তারা। রোহিঙ্গাদের প্রত্যাশা, বিচারিক এই অগ্রগতি কাজে লাগিয়ে নিজ দেশে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার পথ তৈরি হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার রায় পাঠ শুরু করেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়া রায় পাঠ করতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।

রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর আগে উত্তর রাখাইনে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করার বিষয়টি তুলে ধরা হয়। বিচারপতি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা সনদের বিবেচনায় এই জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য। অর্থাৎ, আকার ও বৈশিষ্ট্য বিবেচনায় রোহিঙ্গারা সনদের আওতায় সুরক্ষিত একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী।

আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিকল্পিত রোহিঙ্গাবিরোধী প্রচারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বিচারপতি বলেন, ২০১৭ সালে সামরিক অভিযানের সময় সেনাবাহিনী সমন্বিতভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়েছিল। এসব প্রচারে রোহিঙ্গাদের ‘মানুষের চেয়ে নিকৃষ্ট’ এবং ‘সহিংস হুমকি’ হিসেবে উপস্থাপন করা হয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এ ধরনের প্রচার ও সামরিক অভিযান একই সময়ে চলেছিল। একটি জনগোষ্ঠীকে মানবিক মর্যাদা থেকে বিচ্যুত করে সহিংস হুমকি হিসেবে চিত্রিত করার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল।

রায়ে রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশে মিয়ানমারের নেওয়া বিভিন্ন বিধিনিষেধের বিষয়টিও উঠে আসে। বিচারপতি ইওয়াসাওয়া জানান, স্থানীয়ভাবে জারি করা কিছু অধ্যাদেশ অনুযায়ী, ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতো। একইসঙ্গে দম্পতিদের দুইয়ের বেশি সন্তান নেওয়ার ওপরও বিধিনিষেধ ছিল। এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার কমাতে কার্যকর না হলেও মিয়ানমার স্বীকার করেছে, এগুলোর উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির জন্মহার হ্রাস করা।

বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়, আদালত এসব বিধিনিষেধকে রোহিঙ্গাদের বিরুদ্ধে জবরদস্তিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে। বিশেষ করে সামরিক অভিযানের সময় জনগোষ্ঠীটির জন্মহার কমানোর উদ্দেশ্য এতে প্রতিফলিত হয়েছে। রোহিঙ্গাদের সংখ্যাবৃদ্ধি ঠেকানোর এই প্রচেষ্টাকে জনগোষ্ঠীটির অস্তিত্ব সংকুচিত করার উদ্দেশের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও তুলে ধরা হয়।

রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতার বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিচারপতি বলেন, সামরিক অভিযানের সময় যৌন সহিংসতা ব্যবহারের উদ্দেশ ছিল রোহিঙ্গাদের প্রজনন আকাঙ্ক্ষা ও সক্ষমতাকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা। অর্থাৎ, সহিংসতার মাধ্যমে শুধু ব্যক্তিকে আঘাত করা নয়, বরং পুরো জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্রজন্ম ও প্রজনন সক্ষমতার ওপরও আঘাত হানার বিষয়টি উঠে এসেছে।

এ ছাড়া রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা, নাগরিকত্ব থেকে বঞ্চিত করা এবং তাদের বাড়িঘর ও গ্রাম লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর বিষয়গুলোও গণহত্যার উদ্দেশ-সংক্রান্ত পর্যবেক্ষণে স্থান পেয়েছে। বিচারপতির বক্তব্য অনুযায়ী, এসব ঘটনা বিচ্ছিন্নভাবে নয়, বরং সামগ্রিক পরিস্থিতির অংশ হিসেবে বিবেচনা করতে হবে। বিভিন্ন পদক্ষেপ একত্রে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার উদ্দেশের জোরালো ইঙ্গিত দেয়।

আদালতের পর্যবেক্ষণে শিশু হত্যার বিষয়টিও উঠে আসে। সামরিক অভিযানের সময় পাঁচ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ জন রোহিঙ্গা শিশু নিহত হওয়ার বিশ্বাসযোগ্য প্রমাণের কথা উল্লেখ করা হয়। শিশুদের হত্যা ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর প্রভাবকে রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়েছে।

আইসিজের এসব পর্যবেক্ষণ যখন সামনে আসছে, তখন উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে বড় পর্দায় রায় দেখছিলেন হাজারো রোহিঙ্গা। উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন শিবিরে নারী-পুরুষ একসঙ্গে বসে আদালতের কার্যক্রম দেখেন। রায় ঘোষণার সময় অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়। কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি, কেউ দুহাত তুলে মোনাজাত করেন। তাদের প্রার্থনা, দীর্ঘদিনের নির্যাতনের বিচার হোক এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ তৈরি হোক।

উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পে বাস করা রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘দীর্ঘ সাত বছর ধরে এই বিচারপ্রক্রিয়ার দিকে তাকিয়ে ছিলাম। আমাদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানোর বিষয়গুলো আন্তর্জাতিক আদালতে গুরুত্ব পাওয়ায় এখন আমরা আশাবাদী। তবে শুধু বিচারিক স্বীকৃতি নয়, হারানো বাড়িঘর ও ভিটেমাটিতে সম্মানের সঙ্গে ফিরে যেতে চাই।’

রোহিঙ্গা যুবক রকিউল্লাহ বলেন, ‘আজকের দিনটা ঈদের মতো আনন্দের। এত দিন নিজেদের ওপর চালানো নির্যাতনের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছি, আজ আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় সেসব অভিযোগ গুরুত্ব পাওয়ায় মনে হচ্ছে বিশ্ব আমাদের ভুলে যাইনি।’

ক্যাম্পের একটি মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া জানানোর পাশাপাশি এই বিচারপ্রক্রিয়ায় সহযোগিতাকারী গাম্বিয়া, বাংলাদেশ, ওআইসি ও সংশ্লিষ্ট সবার প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে বিশ্বের কোনো জনগোষ্ঠী যেন এ ধরনের গণহত্যা ও নিপীড়নের শিকার না হয়, সেই দোয়া করি।’

রোহিঙ্গাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) এই রায়কে ন্যায়বিচার, জবাবদিহি ও রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। সংগঠনটির প্রেসিডেন্ট কিং মং বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার শুধু নির্যাতনের স্বীকৃতি কিংবা দায়ীদের জবাবদিহির মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে আমাদের পরিচয়, নাগরিকত্ব, মৌলিক অধিকার এবং নিজ দেশে ফিরে যাওয়ার অধিকারও জড়িত।’

তিনি বলেন, ‘আইসিজের বিচারিক অগ্রগতিকে কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও জোরদার করা প্রয়োজন। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকত্ব ও চলাচলের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ তৈরি না হলে টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়।’

‘কোনো ধরনের চাপ বা বাধ্যবাধকতা ছাড়া প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রোহিঙ্গাদের কাছে এই রায় দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 54        
  
  সর্বশেষ
ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
APEC Economies to Work Together to Promote Legal Validity and Mutual Recognition of Electronic Signatures
APEC Leaders’ ‘Shenzhen Vision 2026’ Released: Pledge to Maintain Macroeconomic Stability and Accelerate Growth

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com