সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ খবরের পর মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা বিবেচনায় বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
বুধবার দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ২ শতাংশ। প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৬৮ ডলারে। এর আগে মঙ্গলবারও উভয় বেঞ্চমার্কের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
বুধবার হুথিরা জানায়, তারা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের আর্থিক জেলায় হামলা চালিয়েছে। সৌদি আরবের বৃহত্তম এই শোধনাগারটি এমন একটি শিল্প কমপ্লেক্সের অংশ, যেখানে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান টার্মিনালও রয়েছে।
তেলের দাম বৃদ্ধির পেছনে হুথিদের এই বিবৃতির প্রভাব রয়েছে বলে জানিয়েছেন পিভিএমের তেল বিশ্লেষক তামাস ভার্গা। তার মতে, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় তেলের দামে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য যুক্ত হয়েছে।
ভার্গা বলেন, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ছুটির আগে ব্যবসায়ীরা তাদের তেলের দরপতনের পক্ষে নেওয়া অবস্থান থেকে বেরিয়ে আসতে পারেন। এতে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও জোরালো হতে পারে।
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ১ কোটি ১০ লাখ নয়, বরং ১১ লাখ ব্যারেল বেড়ে ৪১৮ কোটি ৯০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের এক জরিপে বিশ্লেষকেরা মজুত ১৫ লাখ ব্যারেল বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন।
মিজুহোর জ্বালানি ফিউচারস বিভাগের পরিচালক বব ইয়াগারের মতে, অপরিশোধিত তেলের রপ্তানি কমে যাওয়া এবং আমদানি বেড়ে যাওয়ার কারণে মূলত মজুত বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৩০
এদিকে আগামী ২৯ নভেম্বরের বৈঠকের আগে ২০২৭ সালের উৎপাদননীতি নিয়ে ওপেকের অনিশ্চয়তাও তেলের দামে সমর্থন জুগিয়েছে। এলএসইজির তেল গবেষণা বিশেষজ্ঞ ঝেনকিয়াং সেতো বলেন, সংযুক্ত আরব আমিরাত এখন আর ওপেক প্লাসের নীতির আওতায় সীমাবদ্ধ নেই। অন্যদিকে ইরাক তেল উৎপাদনের সক্ষমতা বাড়াতে চাইছে।
২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের তেল উৎপাদননীতি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তসুয়োশি উয়েনো বলেন, চলতি মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রতিবেদন প্রকাশের পর বিশ্ববাজারে তেলের অতিরিক্ত সরবরাহের ধারণা দাম বৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করেছে। আগামী বছরের উৎপাদন কোটা কীভাবে নির্ধারণ করা হবে, সেদিকেও নজর রয়েছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ওপেক প্লাসের সদস্য দেশগুলোর উৎপাদন সক্ষমতা পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে অবগত চার ব্যক্তির বরাতে জানা গেছে, ইরাক ও কাজাখস্তান তাদের তেল উৎপাদন সক্ষমতার হিসাব বাড়ানোর জন্য ওপেক প্লাসের ওপর চাপ দিচ্ছে। এই পর্যালোচনার ওপর আগামী বছর সদস্য দেশগুলো কতটা তেল উৎপাদন করতে পারবে, তা নির্ধারণে প্রভাব পড়বে। ফলে বিষয়টি নিয়ে জোটের মধ্যে উত্তেজনা বাড়ছে।
সরবরাহ পরিস্থিতির অন্য খবরে, লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। একটি ভালভ বন্ধ করে দেওয়ায় পাইপলাইনে তেল প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। দেশটির জাতীয় তেল করপোরেশন (এনওসি) ঘটনাটিকে একটি অবৈধ গোষ্ঠীর কর্মকাণ্ড বলে বর্ণনা করেছে। এনওসি জানিয়েছে, জাওয়িয়ার আকাকুস স্থাপনার সংরক্ষণ ট্যাংকে আবার তেল প্রবাহিত হচ্ছে।
এদিকে হরমুজ প্রণালিতে মঙ্গলবার একটি কনটেইনার জাহাজকে লক্ষ্যবস্তু করা হয় এবং সেটি থেমে যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জাহাজটি প্রণালির কাছে একটি অননুমোদিত পথে চলাচল করছিল।