মাগুরার শ্রীপুরে সামেলা বেগম (৫৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুচিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মোতলেব জোয়ার্দারের ছেলে সাহেব আলী জোয়ার্দারের সঙ্গে বিচালি (খড়) নিয়ে তার স্ত্রী সামেলা বেগমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাহেব আলী স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে সামেলা বেগম চৌকি থেকে নিচে পড়ে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।