জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার নিজের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেটি তার ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টে তিনি লেখেন, ‘আমার এসএসসি মার্কশিট। ফার্স্ট ডিভিশন উইথ স্টার, উচ্চতর গণিত, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইসলামিয়াতে লেটার মার্কস। তোমাদেরটা কোথায়?’
এরমধ্যে তিনি সর্বমোট পেয়েছেন ৭৮৯ নম্বর। আর বিজ্ঞান বিভাগের ছাত্রী কুসুম উচ্চতর গণিতে পেয়েছেন ৮৮ নম্বর।
তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। অনেকে এটিকে তার সাফল্যের আত্মবিশ্বাসী প্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টিকে তুলনামূলকভাবে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন।
নেটিজেনদের একাংশ মনে করছেন, তিনি নিজের শিক্ষাজীবনের সাফল্য স্মরণ করে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তবে অন্যদিকে কেউ কেউ এটিকে সামাজিক মাধ্যমে ‘তুলনামূলক প্রতিযোগিতামূলক’ বার্তা হিসেবে দেখছেন।
নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার। আগের মতো সেই ব্যস্ততা নেই তার। তবে নিজেকে তিনি সিনেমা ও ওয়েবের নানা কন্টেন্টে তুলে ধরছেন বৈচিত্রময় চরিত্রে। একজন নির্মাতা হিসেবেও অভিষেক হয়েছে তার।