চট্টগ্রাম থেকে চুরি করে আনা ১৬০ বস্তা শুঁটকি মাছ জামালপুরের একটি হিমাগারে রাখার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক, দ্বিতীয় চালক ও দুই হেলপারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকার রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ট্রাকের চালক মো. খলিল হোসেন, দ্বিতীয় চালক মো. আকতার হোসেন, হেলপার মো. নাদিম ও মো. বাবুল। তাদের মধ্যে খলিল ও আকতার হোসেনের বাড়ি ভোলা জেলার বিভিন্ন এলাকায়। আর নাদিমের বাড়ি চট্টগ্রামের পশ্চিম আদারবাড়ী এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে একটি চক্রের মাধ্যমে শুঁটকিগুলো জামালপুরে আনা হয়। পরে সেগুলো শরিফপুর এলাকার রুদ্র স্পেশালাইজড কোল্ডস্টোরেজে রাখার জন্য আনা হয়। তবে হিমাগারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈধ কাগজ দেখতে চায়। কাগজপত্র দিতে না পারায় সন্দেহ হলে সেখানে থাকা চারজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তবে শুটকিগুলো আপাতত সেখানেই রাখা হয়।
জামালপুর সদর থানার এসআই আসাদুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে চুরি হওয়া শুঁটকিগুলো জামালপুরে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শুঁটকি চুরির সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে মূল হোতা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে।